বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন বৈশ্বিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকাশে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্টিফেন কার্পিন।
বৈঠকে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং ব্যাংক হিসাবধারীদের কার্ড ব্যবহারে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। স্টিফেন কার্পিন বলেন, এ ক্ষেত্রে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে কাজ করতে চায় ভিসা।
ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাত, প্রযুক্তি ও উদ্ভাবনে কাজ করার বড় সুযোগ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসার আগ্রহের কথা জানান তিনি।
সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করতে সরকারি ও জনসেবামূলক বিভিন্ন ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। এর মধ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশেও ভূমিকা রাখতে চায় ভিসা। পাশাপাশি দেশের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয় নিরাপদে ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি উন্নয়নকেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।