টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর নাটক শেষে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল।

টাইব্রেকারের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল রাকসাম। ঠিক তখনই ভারতীয় গোলকিপার সুরজ সিং ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে শুয়ে পড়েন, ফলে কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। চিকিৎসা নিয়ে ফিরে আসার পর রাকসামের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ভারত সমতায় ফেরে ৩-৩ এ।

তবে নাটকীয়তা আরও বাকি ছিল। ভারতের পঞ্চম শটে ওমং দোদুম বল মারেন বাইরে। এরপর বাংলাদেশের পক্ষে শেষ শট নিতে আসেন রোনান সুলিভান। নিখুঁত ‘পানেনকা’ শটে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন তিনি। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো বাংলাদেশ দল।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম ও রোনান সুলিভান। একমাত্র মিস করেন স্যামুয়েল রাকসাম।

ভারতের প্রথম শটটি দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর গোল করেন মোহাম্মদ আরবাস, স্যামসন ও বিশাল যাদব। তবে শেষ শটে ব্যর্থ হন দোদুম।

নির্ধারিত সময়ের খেলায় গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচজুড়ে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও রক্ষণভাগের দৃঢ়তায় গোল আসেনি।

বাংলাদেশের হয়ে রোনান সুলিভান শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিলেন। সপ্তম মিনিটে তার শট গোলরক্ষক ঠেকান। পরে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ভারতও ডান প্রান্ত দিয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল শক্ত। প্রথমার্ধে উভয় দলই কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ে। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ইসমাইলের সেভ ও রোনানের ঠান্ডা মাথার শটে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো এই ট্রফি জিতেছিল লাল-সবুজের দল।

সব মিলিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে প্রথমবার ফাইনাল জয়ের স্বাদ পেল বাংলাদেশ।