পবিত্র কোরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার মোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ কোটি ৫০ লাখ টাকা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।

ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন। পাঁচটি বিভাগে প্রতিযোগিতা শেষে মোট ৫০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এবারের আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিল প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের অংশগ্রহণ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে।

প্রতিযোগিতার পুরুষদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে পবিত্র মসজিদুল হারামে। অন্যদিকে নারী প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত ভেন্যুতে।

কোরআন মুখস্থ, সঠিক তিলাওয়াত এবং তাফসিরের দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা অংশ নেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাফেজ, কারি ও কোরআন গবেষণায় দক্ষ প্রতিযোগীদের অংশগ্রহণে এবারের আয়োজন আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কোরআন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। প্রতিবছর বিভিন্ন দেশের প্রতিযোগীরা এতে অংশ নিয়ে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরের দক্ষতা প্রদর্শন করেন।

এবার নারী প্রতিযোগীদের অন্তর্ভুক্তির ফলে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত হয়েছে। একই সঙ্গে বিপুল অঙ্কের পুরস্কারও বিশ্বের বিভিন্ন দেশের কোরআনপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আয়োজকেরা আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ, বিশুদ্ধভাবে তিলাওয়াত ও এর অর্থ অনুধাবনের আগ্রহ আরও বাড়বে