মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায়ের আস্থা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার করতে, ১৯৯৫ সালের তাবুং হাজি আইন সংশোধনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পিকেআর জাতীয় কংগ্রেসের সমাপনী দিনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এই প্রস্তাবিত সংশোধনীটি প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য তাঁর মাদানী সরকারের একটি দৃঢ় পদক্ষেপ বলে জানান আনোয়ার ইব্রাহিম। বলেন, তাবুং হাজি প্রতিষ্ঠানের প্রতি দেশের মুসলমানদের দীর্ঘদিনের বিশ্বাস ও আমানত রক্ষা করা এই সংশোধনীর মূল লক্ষ্য। জানান, পূর্ববর্তী প্রশাসনের সময় তৈরি হওয়া প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অনিয়মগুলো কঠোরভাবে দূর করা হবে।
আরসিআই এর অনুসন্ধানে তহবিলের প্রায় ১২ বিলিয়ন রিঙ্গিত লোকসান ও অনিয়মের তথ্য উঠে আসার পর পার্লামেন্ট থেকে এই আইন দ্রুত সংশোধনের তাগিদ দেওয়া হয়। এই সংশোধনীর মাধ্যমে এই সংস্থায় মন্ত্রীদের একক ক্ষমতা হ্রাস করা এবং নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বন্ধ করার পরিকল্পনা রয়েছে। আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তাঁর দল বা সরকার কখনো আদর্শ ও নীতিগত সিদ্ধান্তের সাথে আপস করবে না।
পিকেআর জাতীয় কংগ্রেসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে হবে, তা তাদের রাজনৈতিক আদর্শ বা ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন। বিরোধী দল শাসিত রাজ্যসহ দেশের সব অঞ্চলের জনগণের প্রতি সমান দায়িত্ব পালন করবে মাদানী সরকার।
রাজনৈতিক ক্ষমতাকে ব্যক্তি, পরিবার বা বন্ধুদের সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পিকেআর জাতীয় কংগ্রেসে তিনি দলীয় নেতাকর্মীদের সংস্কারের মূল আদর্শে অবিচল থাকার নির্দেশ দেন। একই সাথে শিক্ষার্থীদের বাকস্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭১ সালের বিতর্কিত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ আইন সম্পূর্ণ বাতিলের আহ্বান জানান।
পূর্বের পোস্ট :