যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দিয়ে বলেছেন, কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হলে গোটা দেশই উড়িয়ে দেওয়া হবে।

রোববার সকালে দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও বলেন, ইরান শর্ত না মানলে তাদের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতেও হামলা চালানো হতে পারে।

তিনি দাবি করেন, ইরান যুদ্ধবিরতি ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে। তবে শান্তিচুক্তি একভাবে না একভাবে হবেই—ভালোভাবে কিংবা কঠিনভাবে।

এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা একটি খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে। তা না করলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতুতে আঘাত হানবে। আর কোনো ভালো মানুষী নয়!”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তানে দুই পক্ষের শেষ মুহূর্তের আলোচনায় তেহরানকে টেবিলে আনতে চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আলোচনার জন্য এ সপ্তাহে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো হবে। তবে ইরান আলোচনায় অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ইরানের পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কোনো আলোচনা হবে না। তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার বিষয়টি নিশ্চিত করেনি।

উল্লেখ্য, চুক্তি না হলে মঙ্গলবারই দুই দেশের মধ্যে বিদ্যমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগেও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, অন্যথায় দেশটির ‘সভ্যতা ধ্বংস’ করা হবে।