যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের নৌযান লক্ষ্য করে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর ভাষ্য, মার্কিন নৌবাহিনীর ঘোষিত অবরোধ এলাকার কাছে এলে ইরানের আক্রমণকারী জাহাজ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, ১৩ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজ আটকানো শুরু করবে যুক্তরাষ্ট্র।

নতুন পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাঁর ভাষায়, “তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।” তবে কিছু দ্রুতগামী আক্রমণকারী নৌযান এখনও রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসব নৌযান নিয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, “এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতায় থাকা এলাকার কাছেও আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।”

তিনি আরও জানান, সমুদ্রপথে মাদক চোরাচালানকারীদের নৌকা ধ্বংসে যে পদ্ধতি ব্যবহার করা হয়, একই কৌশল প্রয়োগ করা হবে ইরানের ক্ষেত্রেও।

হরমুজ ঘিরে নতুন করে অচলাবস্থা

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে পাল্টা জবাব দেয় তেহরান। এর জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে ইরান।

পরবর্তীতে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিলে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় ইরান। তখন বিভিন্ন দেশের জাহাজ আবারও প্রণালি দিয়ে চলাচল শুরু করে।

তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।

ইরান জানায়, হরমুজ প্রণালি ব্যবহার করতে হলে তাদের টোল দিতে হবে। এই শর্ত প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র।

এরপরই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বন্দরগুলো লক্ষ্য করে হরমুজ এলাকায় অবরোধ আরোপ করবে মার্কিন বাহিনী।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হুমকি ও পদক্ষেপের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।