মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত–এ মঙ্গলবার (শাবান ২৯) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। ফলে দেশ দুটিতে বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

সৌদি আরব কর্তৃপক্ষ চাঁদ দেখার ঘোষণা দেয়। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্টও জানায়, বুধবার থেকেই দেশটিতে রমজান মাস গণনা শুরু হবে।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ—ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া—মঙ্গলবার চাঁদ দেখতে পায়নি। ফলে এসব দেশে বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

এদিকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ–এ মঙ্গলবার ছিল শাবান মাসের ২৮ তারিখ। এ কারণে এসব দেশের চাঁদ দেখা কমিটি ওই দিন বৈঠকে বসেনি।

তিন দেশেই বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে রমজান শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসে সারা বিশ্বের মুসলমানেরা রোজা, ইবাদত ও আত্মসংযমের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন।