গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের অস্ত্র লুট এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে একদল নেতাকর্মী থানায় গেলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। এরপর তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার হাজতখানা ভেঙে গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যদের আবাসিক ভবনেও আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হওয়া রিজার্ভ ফোর্স নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। সেখানে আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি বলে জানা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছিল। পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূর্বের পোস্ট :