খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে আসা দুই যুবক এ ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে এসে পৌঁছায়। এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তবে ঘটনাস্থলে কাঠ, কাগজ কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কিছুক্ষণ জ্বললেও একপর্যায়ে আগুন নিজে থেকেই নিভে যায়। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। হামলায় অংশ নেওয়া দুই যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।