ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও এই অঞ্চলের ৮৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে কিছু পোশাক কারখানা খোলা থাকে। বিশেষ করে জরুরি পণ্য সরবরাহ বা শিপমেন্টের প্রয়োজন হলে এসব কারখানায় উৎপাদন অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ৮৮টি কারখানা চালু রয়েছে। শ্রমিকরাও সকাল থেকে স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। সাধারণত শুক্রবার অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে কিছু কারখানায় উৎপাদন চালু রাখা হয়। এবারও ৮৮টি কারখানায় কাজ চলছে।
একই তথ্য জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
এদিকে শ্রমিক সংগঠনের নেতারাও কর্মপরিবেশ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, জরুরি প্রয়োজনে ছুটির দিনেও কিছু কারখানা চালু থাকে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ ও বিভিন্ন দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এ জন্য মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। একই সঙ্গে উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
শ্রমিকদের মধ্যে যেন নতুন করে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে বাড়িতে পুলিশি তল্লাশি ও হয়রানির অভিযোগের মতো পরিস্থিতি বন্ধ করে শ্রমিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন এই শ্রমিক নেতা।
পূর্বের পোস্ট :