বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর তুরাগ নদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেল। এ ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদ থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রথমে সেটির পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই করা হলেও পরে এটি তাহসিফের বলে নিশ্চিত করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নিজের মোটরসাইকেলে করে জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার এলাকায় গিয়েছিলেন তাহসিফ। তবে সেখানে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তা। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার আগে বন্ধু দীপকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এ বিষয়ে দীপ জানিয়েছিলেন, তারা দুজন একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেয়েছিলেন। পরে তিনি নিজের বাসায় ফিরে যান।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নৌ পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে বন্ধু দীপকে হেফাজতে নেয় সংস্থাটি।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাহসিফের মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূর্বের পোস্ট :