ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে রাজীব হোসেনকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।

এর আগে শাহ আলী থানায় দায়িত্ব পালন করা নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়। ২৬ সেপ্টেম্বর তাকে নতুন দায়িত্বে সংযুক্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকায় একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শাহ আলী থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়।

এর মধ্যেই শাহ আলী থানায় নতুন ওসি হিসেবে রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ডিএমপির আরও চার কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হলো।