দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা ও দর্শক আগ্রহ বাড়াতে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ডমেস্টিক থ্রি’ বা সংক্ষেপে ‘ডি থ্রি’ নামে এই আয়োজনের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের তিনটি ফরম্যাটকে একটি কাঠামোর মধ্যে আনা হচ্ছে।
নতুন এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, ৫০ ওভারের ক্রিকেট এবং চার দিনের ম্যাচ থাকবে। তবে চার দিনের জাতীয় ক্রিকেট লিগকে এই কাঠামোর বাইরে রাখা হয়েছে। ‘ডি থ্রি’র আওতায় থাকবে এনসিএল টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ এবং ওয়ানডে সংস্করণ।
একটি দল নিলামের মাধ্যমে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিতে পারবে। একই প্রক্রিয়ায় কোচিং স্টাফ, টিম অ্যানালিস্ট, ফিজিও ও ট্রেইনারও নির্বাচন করা হবে।
নতুন টুর্নামেন্টের মালিকানা তিন বছরের জন্য পেয়েছে ছয়টি প্রতিষ্ঠান। তারা হলো এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ।
আগামী ১৫ ডিসেম্বর বরিশালের নবনির্মিত জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে ‘ডি থ্রি’র যাত্রা শুরু হবে। এর মাধ্যমে দীর্ঘদিন পর ওই ভেন্যুতে আবারও ক্রিকেট ফিরবে। পরবর্তী সময়ে দেশের সব বিভাগে এই আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চার দিনের সংস্করণ আগামী বছরের জানুয়ারিতে এবং ৫০ ওভারের প্রতিযোগিতা মে মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
নতুন এই কাঠামোর ছয় দলের আইকন ক্রিকেটারও ঘোষণা করা হয়েছে। ওয়ালটনের হয়ে মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহিদ হৃদয়, একমির হয়ে মোসাদ্দেক হোসেন, সেভেন রিংস সিমেন্টের হয়ে মুশফিকুর রহিম, এইচ ব্লুস্টারের হয়ে নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের হয়ে মোহাম্মদ নাঈম খেলবেন।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটে দর্শক ও সমর্থকদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। বছরে ছয় থেকে সাত মাস ঘরোয়া ক্রিকেট চালু রাখার মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার ও ঘরোয়া পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যও রয়েছে।
পূর্বের পোস্ট :