রাজধানীর মিরপুরে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী ওই আদেশে স্বাক্ষর করেন।

গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত।

ঘটনাস্থল থেকে শাহ আলী থানা প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। এ ঘটনার পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হলো।