ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে মারা গেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আফসার বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
ফুটবল খেলার সময় হঠাৎ মাঠে উপুড় হয়ে পড়ে গেলে তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তাঁদের কেউ বুকে চাপ দেন, কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন এবং কেউ পানি দেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মাঠের ঘটনার একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। আফসারের আকস্মিক মৃত্যুতে তাঁর ব্যাচমেট ও বন্ধুদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। তাঁর কয়েকজন বন্ধু জানিয়েছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় তিনি হতাশ ছিলেন।
চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে আফসারের মৃত্যু নিয়ে লেখেন, “অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সকলকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!”
শনিবার দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। শোকবার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পূর্বের পোস্ট :