চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২জুলাই )। এ বছর পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন। এসব শিক্ষার্থী ৪ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানের হয়ে ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ১ হাজার ৬৪৭ জন। ১ হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬১০টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসন বিন্যাসে ৫ থেকে ৬ ফুট লম্বা বেঞ্চে দুইজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজন পরীক্ষার্থীর ব্যবস্থা করা হবে।

পরীক্ষা কেন্দ্রে প্রতি কক্ষে কমপক্ষে দুইজন কক্ষ পরিদর্শক থাকবেন। এছাড়া প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক দায়িত্ব পালন করবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, তিন ফুট দূরত্বে আসন ব্যবস্থা, ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক এবং প্রতি কক্ষে দুইজন পরিদর্শকের দায়িত্ব পালনের নির্দেশনা প্রতি বছরই দেওয়া হয়। এবারও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো শিক্ষার্থী এলে তার রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা রয়েছে।

পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কারও জটলা ঠেকাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশের ২০০ গজ এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ।

এবার প্রথমবারের মতো এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কেন্দ্রগুলোকে ক্যামেরার মডেল, ডিভাইস সিরিয়াল নম্বর, পাসওয়ার্ড ও আইডি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ কেন্দ্রের ভেতরে অবস্থান করতে পারবেন না। পরীক্ষা শুরুর পর কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করে নকলের কোনো সামগ্রী পাওয়া গেলে তা অপসারণ করতে হবে।

এদিকে, পরীক্ষা চলাকালে কলেজে ক্লাস বন্ধ রাখার প্রচলিত নিয়ম থাকলেও গত বছরের মতো এবারও পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস চালানোর সুযোগ থাকছে।