রাজবাড়ীতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে আসামিকে আদালতে পাঠানোর হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গতকাল (মঙ্গলবার) পাংশা উপজেলার পাট্টা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রা‌মের বাসিন্দা। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা। শিশুটির বা‌ড়িও একই গ্রামে। সে স্থানীয় এক‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে অভিযুক্ত লুৎফরের বাড়িতে যায়। এ সময় লুৎফর শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে গেলে তার শারীরিক অবস্থা দেখে তার সঙ্গে কী হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসা করে তার মা। প্রথমে ভয়ে সে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। সেখান থে‌কে প‌রে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু‌টির ফুফু জানান, মঙ্গলবার দুপু‌রে শিশুটি মা তার বু‌কের ওপর ক্ষত দেখতে পায়। এরপর ক্ষ‌তের কারণ জান‌তে চাই‌লে সে সব কিছু খু‌লে ব‌লে। শিশুটির শরীরে রক্ত ক্ষরণ হচ্ছিল। তখন তাকে দ্রুত হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুতফুর বিশ্বাস‌কে স্থানীয়রা মারধর করে আটকে রে‌খে পুলিশে খবর দেয়। তারপর আমরা তা‌কে আজ (বুধবার) সকালে থানায় নি‌য়ে আসি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছেন। আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।