একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে শাবিব আল মুজাহিদী।

তিনি জানান, গত বুধবার অসুস্থ অবস্থায় আল মুজাহিদীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার দুইবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

শাবিব আল মুজাহিদী বলেন, “বাবার রক্তে সংক্রমণ ছিল। পাশাপাশি কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিয়েছিল। একসঙ্গে সব ধরনের সমস্যা তৈরি হয়েছিল।”

তিনি জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আবারও তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আল মুজাহিদী বাংলা সাহিত্যে কবিতা ও সাহিত্যচর্চার জন্য বিশেষ পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদকে ভূষিত হন।