এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিনে দেওয়া হচ্ছে না পুলিশ পদক। বাহিনীর নিয়মিত বার্ষিক এ আয়োজনে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল।

রোববার শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত শনিবার পদক স্থগিতের খবর জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তালিকায় নাম থাকা একাধিক কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন, রোববার পুলিশ পদক দেওয়া হবে না।

তিনি জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা রোববার দেওয়া হবে।

পদকপ্রাপ্তদের প্রাথমিক তালিকায় নাম থাকা একজন অতিরিক্ত আইজিপিও শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবার পুলিশ সপ্তাহে পদক পাওয়ার কথা ছিল বাহিনীর ১০৭ সদস্যের।

প্রতি বছর আগের বছরের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পদক দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সপ্তাহে সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরেন বাহিনীর নীতিনির্ধারকেরা।

পদকের তালিকায় থাকা আরও কয়েকজন কর্মকর্তা জানান, তাদের পরে পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

তালিকাভুক্ত ১০৭ জন কর্মকর্তা শনিবারও দিনের বেলা মহড়ায় অংশ নেন। পরে রাতে তারা পদক প্রদান স্থগিত হওয়ার খবর জানতে পারেন।

তবে কী কারণে পদক প্রদান স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নির্বাচিত নতুন সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধনের প্রস্তুতি চলছে রাজারবাগ পুলিশ লাইন্সে। পদক প্রদান অনুষ্ঠান স্থগিত হলেও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। তার হাত থেকেই পদক নেওয়ার কথা ছিল পদকপ্রাপ্তদের।

নির্বাচনের কারণে শীতকালীন পুলিশ সপ্তাহ এবার গ্রীষ্মে আয়োজন করা হচ্ছে। এর মধ্যে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত হওয়ায় হতাশার কথা জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

প্রতি বছর পুলিশ সপ্তাহের প্রথম দিনে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন।

গত ২ মে থেকে রাজারবাগে পুলিশ সপ্তাহের মহড়ায় অংশ নিচ্ছিলেন পদকের তালিকাভুক্ত কর্মকর্তা ও সদস্যরা।

অতিরিক্ত আইজি পদমর্যাদার এক কর্মকর্তা শনিবার রাতে বলেন, “খবরটি জানার পর পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করি। সেখান থেকে জানানো হয়েছে, পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”