বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ তারিখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।