বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনজীবীরা।

“বিচার বিভাগের স্বাধীনতা: প্রত্যাশা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত হলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর করতে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।

বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে ‘ভয়েজ অব লইয়ার্স’। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. ইমাম হাসান এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ, যিনি ভয়েজ অব লইয়ার্স ট্রাস্টের চেয়ারম্যান।

আলোচনায় বক্তারা বলেন, বিচারক নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে। একই সঙ্গে মামলার দীর্ঘসূত্রতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রশাসনিক প্রভাব বিচার ব্যবস্থার কার্যকারিতাকে ব্যাহত করছে।

তারা আরও বলেন, একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা গড়ে তুলতে হলে আধুনিক আদালত ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে জনসচেতনতা বাড়াবে এবং নীতিগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।