জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম।

নিহতরা হলেন উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতুটি দিয়ে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে ঘুরতে আসা মানুষের ভিড়ে সেতুটি উপচে পড়ে।

বিকালে অতিরিক্ত মানুষের চাপ সহ্য করতে না পেরে সেতুটি উল্টে গিয়ে মাঝখান থেকে ভেঙে পড়ে। এ সময় অনেকেই পানিতে পড়ে যান। অধিকাংশ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা পাঁচজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযানে পাঁচজনকে তোলা হয়, যার মধ্যে চারজনই মারা গেছেন।