বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি বলে জানিয়েছেন জোহানেস জাট, বিশ্ব ব্যাংক-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট।

তিন দিনের ঢাকা সফর শেষে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গত ১০ বছরে ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও চাকরি সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখের জন্য। ফলে প্রায় অর্ধেক কর্মক্ষম তরুণ কর্মহীন থেকে গেছেন। এ ক্ষেত্রে তরুণীদের বেশি বাধার মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে ‘মৌলিক প্রতিবন্ধকতা’ দূর করার ওপর গুরুত্ব দেন জাট। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতে দ্রুত সংস্কার বাস্তবায়ন জরুরি।

ঢাকা সফরকালে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

জাট আরও বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্বব্যাংক এসব উদ্যোগে অংশীদার হিসেবে কাজ করছে। বিশেষ করে যুব ও নারীদের জন্য কর্মসংস্থান তৈরিতে সহায়তা জোরদার করা হচ্ছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এ পর্যন্ত দেশটিকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ঋণ ও স্বল্পসুদে ঋণ দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।