বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো বাড়ি।
মঙ্গলবার বিকালে মো. শামীম হোসেন, বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির চারতলা একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে ওই বাড়ির বিদ্যুৎ মিটারের তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ফলে বাড়িটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ সংযোগটি পুনঃস্থাপন করে। এ ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। আইজিপি বা তার পরিবারের সদস্যরা বাগেরহাটে গেলে দোতলার একটি ইউনিটে অবস্থান করেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পূর্বের পোস্ট :