নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাবা–ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। ঘটনায় অন্তত ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার।

নিহত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল রহমান, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তাঁর ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তাঁর ছেলে মুন্না শেখ নিহত হন।

সংঘর্ষে গুরুতর আহত খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।