রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন; পরিচয়পত্র দেখানোর পরেও তাদের ওপর পুলিশি হামলার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের মাল্টিমিডিয়া প্রতিবেদক তোফায়েল আহমেদ। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সাংবাদিকেরা জানান, তারা নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা লাঠিপেটা করেন। এ সময় আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

আহত সাংবাদিকদের একজন, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক কাওসার আহম্মেদ রিপন বলেন, ‘আমরা লাইভ সম্প্রচার করছিলাম। পরিচয় দেওয়ার পরও হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ শুরু করে।’

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যদিও সাংবাদিকদের অভিযোগ, ডিসি মাসুদ উপস্থিত থাকা অবস্থায়ই এমন ঘটনা ঘটেছে। তার সরাসরি ইন্ধনে সাংবাদিক ছাড়াও বিনা উসকানিতে সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল পুলিশ।