শুক্রবার থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও সময় বদলে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি, বইমেলায় প্রকাশনীর স্টল ভাড়া মওকুফ করেছে সরকার।

বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী হলে এক মতবিনিময় সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন।

পরবর্তীতে প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বইমেলার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা ২০২৬’ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। প্রকাশকদের লোকসানের কথা বিবেচনা করে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।