ভারতে যাওয়ার জন্য সব ধরনের ভিসা সেবা ধাপে ধাপে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

আজ সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অনিরুদ্ধ দাস জানান, বর্তমানে মেডিকেল ভিসা ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যটন ভিসাসহ অন্যান্য শ্রেণির ভিসা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভিসা প্রদান প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও জোরদার করতে ভিসা সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদি, ইতিবাচক ও পারস্পরিক উপকারী সম্পর্ক টিকিয়ে রাখতে দুই দেশের জনগণই প্রধান অংশীজন।

অনিরুদ্ধ দাস বলেন, “দুই দেশের জনগণই একটি স্থিতিশীল, গঠনমূলক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্কের মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।