সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার রাতে উত্তেজিত একদল লোক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হওয়া লোকজন রাত ১১টার দিকে হঠাৎ মিছিল নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
প্রথমে তারা প্রথমা প্রকাশনীর মূল ভবনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে আসবাবপত্র নিচে ফেলে দেয় এবং অগ্নিসংযোগ করে। এরপর প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনেও ভাঙচুর চালানো হয় এবং সড়কে আগুন জ্বালানো হয়।
রাত ১২টার দিকে ওই দলটি মিছিল নিয়ে ফার্মগেটে ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে যায়। সেখানে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তারা ভাঙচুর চালায় এবং ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় অগ্নিসংযোগ করে।
হামলার সময় তারা “ইনকিলাব জিন্দাবাদ” ও “নারায়ে তাকবির” স্লোগান দিতে থাকে।
প্রথম আলো কার্যালয়ে সাংবাদিকদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিসংযোগের কারণে ডেইলি স্টারের কার্যালয়ে কয়েকজন সাংবাদিক আটকা পড়েন।
ডেইলি স্টারের জ্যেষ্ঠ সাংবাদিক জায়মা ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, ধোঁয়ার কারণে তিনি শ্বাস নিতে পারছিলেন না।
রাত দুইটার দিকে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্রেন ব্যবহার করে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়।
এদিকে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
পূর্বের পোস্ট :