দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য নির্বাচিত বিভিন্ন মডেলের বাইসাইকেল নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে আয়োজিত এক প্রদর্শনীতে তিনি এসব সাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের জন্য নির্বাচিত কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারের উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আগে সেগুলোর গুণগত মান ও ব্যবহার উপযোগিতা সম্পর্কে সরাসরি ধারণা নিতেই তিনি নিজে সাইকেল চালিয়ে দেখেন।
এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এ সুযোগ পাবে।
মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।