নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী নিজেই এটিভি চালিয়ে মহড়াস্থলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তাঁদের উদ্দেশে সংক্ষিপ্ত নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছেই প্রধানমন্ত্রী দ্বীপের ‘বারো আউলিয়া’ এলাকায় তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব প্রত্যক্ষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এ মহড়ার নাম ছিল ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’।

মহড়ার চূড়ান্ত পর্বে অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’। এতে তিন বাহিনীর নিজস্ব সামরিক সক্ষমতার পাশাপাশি সমন্বিতভাবে অভিযান পরিচালনার দক্ষতাও তুলে ধরা হয়।

মহড়া প্রত্যক্ষ করার পর প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে নিজেই এটিভি চালিয়ে ‘বারো আউলিয়া’ থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ পাড়ি দেন।

এটিভি হলো দুর্গম, অসমতল ও প্রতিকূল পথে চলাচলের উপযোগী বিশেষ ধরনের যান।

ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা কাদামাটির পিচ্ছিল পথ ধরে যাওয়ার সময় প্রধানমন্ত্রী সড়কের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

‘ভিউ পয়েন্ট-১’-এ পৌঁছালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। সেখানে খোলামেলা পরিবেশে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর বিশেষায়িত ফোর্সের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ যৌথ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত।

তিনি বলেন, এ মহড়া বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে এ আয়োজন সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারেরও প্রতিফলন।

স্বর্ণদ্বীপে অবস্থানকালে ‘ভিউ পয়েন্ট-১’ এলাকায় একটি নিমগাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এবারই প্রথম এ ধরনের যৌথ মহড়া অনুষ্ঠিত হলো।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দ্বীপের হেলিপ্যাডে তাঁকে বিদায় জানান তিন বাহিনীর প্রধান।

বিকেল ৪টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।