প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকে সফল ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর মতে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের বিভিন্ন খাত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করতে শিগগিরই বাংলাদেশে একটি অর্থনৈতিক মিশন পাঠাবে জাপান।
বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশের বিষয়ে কোনো কথা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। অন্য কোনো রাষ্ট্রকে সম্পৃক্ত করে আলোচনা করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশকে সঙ্গে নিয়েই বাংলাদেশ তা করবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থের পরিপন্থী হয়, এমন কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে করবে না বিএনপি সরকার। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক ও চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।