উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের আরও সতর্ক, আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাজেট থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।
সরকারি দায়িত্ব পালনের সুযোগকে মানুষের সেবা করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা বিশেষ সুযোগ পেয়েছেন। এই সুযোগকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় একইভাবে থাকে না। যে ব্যক্তি যখন যে দায়িত্বে থাকবেন, তাঁর উচিত সেই সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ ও মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করা।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান সরকারপ্রধান। তাঁর মতে, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতিনির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় ভবিষ্যতেও এ ধরনের বৈঠক আয়োজন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে তাঁদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।