ফিলাডেলফিয়া: সাম্বার ছন্দে শুরু করেও শেষ পর্যন্ত কিছুটা ম্লান ছিল ব্রাজিলের দ্বিতীয়ার্ধ। তবে প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
একাদশে ফিরে জোড়া গোল করে ম্যাচের নায়ক মাতেউস কুইয়া। আর শেষ মুহূর্তে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে নিজের ছন্দ ধরে রাখলেন ভিনিসিউস জুনিয়র। জাতীয় দলের জার্সিতে সমালোচনার মুখে থাকা এই তারকা বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন।
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করা ব্রাজিল এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হারের পর ব্রাজিলের বিপক্ষে পরাজয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেল।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। একের পর এক আক্রমণে হাইতির রক্ষণে চাপ তৈরি করে কার্লো আনচেলত্তির দল।
অষ্টম মিনিটে ভিনিসিউস বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারান। ১৩তম মিনিটে রাফিনিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
ক্রমাগত চাপের পর ২৩তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। হাইতির রক্ষণে জটলা থেকে কুইয়ার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়।
এরপর ২৯তম মিনিটে আসে ব্রাজিলের দ্বিতীয় গোল। মাঝমাঠ থেকে দুর্দান্ত দক্ষতায় তিনজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউসের দেওয়া পাস ধরে কুইয়া বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান।
গোলের পর সতীর্থদের সঙ্গে বিশেষ নাচে উদযাপন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
৩৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার জায়গায় নামেন তরুণ ফুটবলার হায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিউস। নিজেদের অর্ধ থেকে লুকাস পাকেতার নিখুঁত চিপ পাস ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় হাইতির গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের ধার কিছুটা কমে যায়। হাইতি কয়েকবার আক্রমণে উঠলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি।
৬৪তম মিনিটে হাইতি গোলের সবচেয়ে ভালো সুযোগ পায়। কর্নার থেকে রিকার্ডো আদের হেড দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক আলিসন বেকার। পরে দানিলোর দুর্দান্ত ওভারহেড কিকে বিপদমুক্ত হয় ব্রাজিল।
এরপর কোচ আনচেলত্তি কুইয়া ও পাকেতাকে তুলে এন্দ্রিক ও গাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান।
৬৮তম মিনিটে ভিনিসিউসের ব্যাকহিল থেকে মার্তিনেল্লির শট ক্রসবারে লাগে। পরে এন্দ্রিকও গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
৮১তম মিনিটে ভিনিসিউসকে তুলে নেওয়া হয়। শেষ দিকে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।
আগামী ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। একই সময়ে মরক্কোর মুখোমুখি হবে হাইতি।
পূর্বের পোস্ট :