সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের আশপাশে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার (১০ অক্টোবর) একই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হন। আহত হন আরও ৩০৯ জন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।

এ ঘটনার পর রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সানা বিমানবন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। পাল্টাপাল্টি হামলার মধ্যে রিয়াদ বিমানবন্দরে নতুন করে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।