উত্তর ভারতের উত্তর প্রদেশে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাজ্যটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাতের সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ একই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যগুলোর একটি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে সেখানে ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের ঘটনা নিয়মিত হলেও এবারের অতিবৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে এসব প্রবণতার সম্পর্ক রয়েছে।