পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, সেরেম্বানের তামান বান্দার সেনাওয়াং এলাকার একটি ফুটবল মাঠের কাছে, কোরআনের বেশ কয়েকটি কপি পোড়ানোর ঘটনা ঘটে।
শনিবার সকাল ১০টা ২২ মিনিটে এক নাগরিক সেরেম্বান পুলিশ সদর দপ্তরে কোরআন পোড়ানোর বিষয়ে প্রথম অভিযোগ করেন। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে পুলিশ ফরেস্ট হাইটসের একটি মসজিদ থেকে কোরআনের কপি চুরির বিষয়ে আরেকটি অভিযোগ পায়।
পরে গতকাল রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুরের চাউ কিটের জালান তুয়াঙ্কু আব্দুল রহমান এলাকার একটি হোটেল থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে। নেগেরি সেমবিলান পুলিশ প্রধান আলজাফনি আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় হোটেল কক্ষ থেকে দুটি স্যুটকেস এবং একটি ব্যাকপ্যাকের ভেতর থেকে কোরআনের ১৬টি কপি উদ্ধার করা হয়। এক বিবৃতিতে পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোরআনের কপিগুলো বিভিন্ন মসজিদ, নামাজ ঘর এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলজাফনি আরও জানান, সন্দেহভাজনের বাড়িতেও তল্লাশি চালিয়ে ৩৬টি কোরআনের মলাট পাওয়া গেছে, যা আগুনে পোড়ানোর ঘটনার সাথে জড়িত। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই ৪টি অপরাধের রেকর্ড রয়েছে। তিনি বলেন, চুরি এবং ধর্মকে অপমান করার উদ্দেশ্যে পবিত্র গ্রন্থ অবমাননার জন্য দণ্ডবিধির ৩৮০ ও ২৯৫ ধারার অধীনে সন্দেহভাজনকে রিমান্ডের জন্য সেরেম্বান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
পূর্বের পোস্ট :