এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর একমাত্র পারমাণবিক নিরাপত্তা সরঞ্জাম ভান্ডারের (ইকুইপমেন্ট রিপোজিটরি) স্বাগতিক দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা ও জরুরি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মালয়েশিয়া।

বাঙ্গির ডেংকিলে অবস্থিত মালয়েশিয়া নিউক্লিয়ার সিকিউরিটি সাপোর্ট সেন্টারে (এনএসএসসি) সংরক্ষিত বিশেষায়িত বিকিরণ শনাক্তকরণ সরঞ্জাম প্রয়োজনের সময় দ্রুত সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়। একই সঙ্গে এটি আঞ্চলিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

আইএইএর নিউক্লিয়ার সিকিউরিটি বিভাগের পরিচালক এলেনা বুগলোভা বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য এমন সরঞ্জামভিত্তিক বাস্তব সহযোগিতা শুধু মালয়েশিয়ার সঙ্গেই রয়েছে। প্রয়োজন হলে এখান থেকে সরঞ্জাম পাঠিয়ে সহায়তা দেওয়া হয় এবং পরে আবার মালয়েশিয়াতেই ফিরিয়ে আনা হয়।

তিনি জানান, ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো মালয়েশিয়ায় সংরক্ষিত এসব সরঞ্জাম স্টেডিয়ামের পারমাণবিক ও তেজস্ক্রিয় ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হয়।

২০২০ সালে মালয়েশিয়ার অ্যাটম মালয়েশিয়া ও আইএইএর মধ্যে এ সরঞ্জাম ভান্ডার প্রতিষ্ঠার চুক্তি হয়। জাপানের আর্থিক সহায়তায় গড়ে ওঠা এই কেন্দ্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পারমাণবিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।