চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এখন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের পথে রয়েছে।
জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছানোর তিন দিন পর শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময়) ডারবানের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি।
শনিবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে চলছি।”
তিনি জানান, বুধবার জাহাজে জ্বালানি নেওয়া হয়েছে। এরপর জাহাজের হাল ক্লিনিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়। জাহাজের পানির নিচের অংশে জমে থাকা সামুদ্রিক শৈবাল, ঝিনুক ও অন্যান্য সামুদ্রিক জীব পরিষ্কার করার প্রক্রিয়াই হাল ক্লিনিং।
রাশেদুল হাসান বলেন, “যেহেতু জাহাজটি সোমালিয়া উপকূলীয় এলাকা অতিক্রম করবে, তাই ফুজাইরাহ থেকে ২৫২ নটিক্যাল মাইল অতিক্রম করার পর জাহাজে চারজন সশস্ত্র ‘আর্মড গার্ড’ ওঠার কথা রয়েছে। তারা অস্ত্রসহ পুরো যাত্রাপথে জাহাজের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।”
শনিবার সকাল পৌনে ১১টার দিকে জাহাজের অবস্থান নির্ণয়কারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এ দেখা যায়, ‘বাংলার জয়যাত্রা’ তখন ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগস্থলের কাছাকাছি, ওমানের সুর বন্দরের এলাকায় অবস্থান করছিল।
জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি অনুকূলে থাকলে ১২ জুলাই আমরা দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছাব।”
বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার ৫০০ টন সার রয়েছে। গত এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে এসব সার জাহাজে বোঝাই করা হয়েছিল।
তবে হরমুজ প্রণালি পাড়ি দিতে না পারায় দীর্ঘদিন এসব সার নিয়েই পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে অবস্থান করতে হয়েছিল ‘বাংলার জয়যাত্রা’কে।
১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর গত ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে প্রণালি অতিক্রম করে জাহাজটি। সেদিনই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করে ‘বাংলার জয়যাত্রা’।
বিএসসির মালিকানাধীন এই জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটির ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।
গত ২৭ ফেব্রুয়ারি জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর তিনবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হতে পারেনি জাহাজটি।
সবশেষ ২২ জুন সকালে শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে রওনা হয়ে পরদিন হরমুজ প্রণালি অতিক্রম করে ‘বাংলার জয়যাত্রা’। প্রণালি থেকে মুক্ত হওয়ার পর এবার জাহাজটি তার প্রথম বাণিজ্যিক গন্তব্য দক্ষিণ আফ্রিকার ডারবানের পথে রয়েছে।
পূর্বের পোস্ট :