চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল অভিযানের পাশাপাশি চোরাচালানের নতুন রুট ও কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পরিচালিত ধারাবাহিক পৃথক অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ব্যবহৃত মোবাইল ফোন ও মদ জাতীয় পানীয় উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
আজ এনবিআর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, অভিযানগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে ভায়াগ্রাসহ সংবেদনশীল ওষুধ আনা ও বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথ ব্যবহার করে চট্টগ্রাম জিপিওতে পণ্য পাঠানোর নতুন একটি চোরাচালান কৌশল প্রকাশ পেয়েছে।
১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ আটক করা হয়।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার ও ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধের কোল্ড চেইন না মেনে পরিবহন জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করে।
১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।
আকাশপথে দেশে আসার পর পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল।
এই ঘটনায় বিমান, ডাক ও রেল পরিবহন শৃঙ্খলে সমন্বিত কাস্টমস নজরদারির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।
১৩ অক্টোবর বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১৭ লিটার মদ আটক করা হয়।
১৪ অক্টোবর থাই এয়ারওয়েজ, সালাম এয়ার ও অন্যান্য ফ্লাইটের যাত্রী এবং পরিত্যক্ত কার্টন থেকে উদ্ধার করা হয় যৌথভাবে মোট ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম।
দুই দিনের এই অভিযানে মোট বিদেশি সিগারেট ৫৩১ কার্টন, আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম ৭ হাজার ৭৮৭ পিস ও নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম ৬৪ দশমিক ১৮ কেজি।
অন্যান্য কসমেটিকস ৬৮ কেজি, ওষুধ ৫৫ দশমিক ৮ কেজিম স্বর্ণালঙ্কার ১০০ গ্রাম, ৩২টি ল্যাপটপ এবং ৩টি মোবাইল, মদ ও অ্যালকোহলজাতীয় ১৭ লিটার পানীয় আটক করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
এই ধারাবাহিক সফল অভিযান কেবল শুল্ক ও রাজস্ব সুরক্ষাই করেনি, বরং ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলে এই সমন্বিত নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বের পোস্ট :