ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৭ জন।
আজ শুক্রবার দুপুরে হাসপাতাল সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। এর মধ্যে দুইজন আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৯ জন।
ডেঙ্গুতে মৃতরা হলেন-ময়মনসিংহের নান্দাইলের মিনহাজ (১৮), ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মরিয়ম (৪৫)।
চিকিৎসকরা জানান, রোগীদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে যথাক্রমে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকও রয়েছে।
এ বিষয়ে পরামর্শ দিয়ে ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, ডেঙ্গু জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন তিনি।
পূর্বের পোস্ট :