জার্মান পর্যটক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা বাংলাদেশে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে কাজ করতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে ব্যাগ হারিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্টেশনের অপেক্ষমাণ কক্ষে এ ঘটনা ঘটে।

পর্যটকের অভিযোগ, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে যান তিনি। ফিরে এসে দেখেন, ব্যাগটি নিয়ে ওই ব্যক্তি আর সেখানে নেই।

চুরি যাওয়া ব্যাগে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ছিল বলে জানা গেছে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় বিষয়টি পুলিশকে জানান ওই পর্যটক।

পুলিশ জানিয়েছে, হারানো ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে ম্যাকবুকের প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হচ্ছে। সেটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র না থাকায় অনলাইনে তার সাধারণ ডায়েরি গ্রহণ করা সম্ভব হয়নি। তবে হারানো জিনিসপত্র উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে।