শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার এবং এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়, তাঁরা সবাই বাংলাদেশি।
দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, পূজা উপলক্ষে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই জরুরি ভিত্তিতে শেষ করা হবে।
তিনি জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ চালু করা হবে।
অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, শহরের সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের ডেকে এনে ডিএসসিসি যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে। এতে পূজার আনন্দ আরও বেড়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :