অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তাঁর মৃত্যু হয়।
বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইমরোজ খালিদীর বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেন তৌফিক ইমরোজ খালিদী। সাংবাদিকতা জীবনে তিনি ডেইলি স্টার ও বিবিসিতে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের পক্ষ থেকে তা জানানো হবে।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক।
পূর্বের পোস্ট :