৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় প্রথম পর্যায়ের প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে আগামী সোমবার নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়। এ পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। ফলে প্রথম প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই ৫৭ জনের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় অংশ নেননি। এ কারণে প্রকৃতপক্ষে পরবর্তী যাচাইয়ের আওতায় থাকা প্রার্থীর সংখ্যা ৪৬ জন।
মন্ত্রী বলেন, বিসিএসসহ এ ধরনের নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই, মেডিকেল পরীক্ষা এবং প্রয়োজনীয় সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
চূড়ান্ত প্রজ্ঞাপনে একজনের নাম না থাকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মাহুতির হুমকির প্রসঙ্গও আসে প্রেস ব্রিফিংয়ে। এ বিষয়ে মন্ত্রী জানান, বিসিএসের প্রজ্ঞাপন একবারেই শেষ হয় না, প্রয়োজন অনুযায়ী একাধিকবার প্রজ্ঞাপন জারি হতে পারে।
৪৯তম বিসিএসে নির্বাচিতদের চাকরিতে যোগদানের তারিখ ১২ অক্টোবর নির্ধারিত রয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে উল্লেখ করে বাদ পড়া প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পূর্বের পোস্ট :