দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রযুক্তি ও আর্থিক সেবার সুবিধা সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, প্রযুক্তির প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন এর সুফল সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কাছেও পৌঁছাবে। বিশেষ করে আর্থিক সেবা সহজ ও নিরাপদ করার ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে।

ড. ইউনূস বলেন, মানুষের হাতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও বিড়ম্বনা কমাতে প্রযুক্তিনির্ভর লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র বহনের কারণে তৈরি হওয়া নানা ধরনের দুশ্চিন্তাও কমবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা থাকলেও দরিদ্র মানুষের জন্য সেসব সুবিধা তুলনামূলকভাবে সীমিত। তাই প্রযুক্তি ও সেবার পরিকল্পনা করার সময় সাধারণ ও নিম্নআয়ের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে।

গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি মোবাইল ফোনের শুরুর সময়ের উদাহরণও দেন। তখন গ্রামের দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের হাতে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এর মাধ্যমে তারা দূরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অন্যদের যোগাযোগ করিয়ে আয়ের সুযোগও তৈরি করেন।

ড. ইউনূসের মতে, প্রযুক্তির ব্যবহার শুধু শহর বা নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে দেওয়া প্রয়োজন।