প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনীপ্রধানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও পেশাদার ও শক্তিশালী করে তুলতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন।

এ সময় অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনীপ্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ১ জুলাই নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন স্টাফ, প্রশিক্ষণ ও কমান্ড দায়িত্ব পালন করেছেন।

তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশনস), সহকারী নৌবাহিনীপ্রধান (পার্সোনেল), পরিচালক (নৌ অপারেশনস ও নৌ গোয়েন্দা) এবং সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।