সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জের একাংশ) আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে 'সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর'-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, দলের সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্নাসহ অন্যরা।
বক্তারা বলেন, ভিডিওতে দেখা ঘটনাকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই তাঁকে দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান তারা। একই সঙ্গে তাঁকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও জানান বক্তারা।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পোস্টে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে তাঁর এই দাবিকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে।
পূর্বের পোস্ট :