রাশিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার মস্কোতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ অনুরোধ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ব্যাপারে (প্রত্যাবাসন) তার সরকারের পূর্ণ বিবেচনার আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।”

কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার তথ্য এর আগে সামনে আসে। যুদ্ধের মধ্যে অনেকের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “রাশিয়াতে ৩০ জন কর্মীকে কাজের কথা বলে যুদ্ধে সম্পৃক্ত করা হয়েছে। তাদের পরিবার আমাদের জানিয়েছে।

“আমরা তাৎক্ষণিকভাবে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

তবে কোন বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ জানানো হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

তিন দিনের সফরে রোববার মস্কো যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।