ঈদুল আজহার দিন বনানী সেনা কবরস্থানে গিয়ে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি শেরেবাংলা নগরে যান। সেখানে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।
শেরেবাংলা নগর থেকে প্রধানমন্ত্রী যান বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরস্থানে। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।
পরে সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তাঁরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতও করা হয়।
এরপর প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। তাঁদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পূর্বের পোস্ট :